বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হলো। দুঃখজনকভাবে সত্য যে, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাদের দায়দায়িত্ব নেই, কোথাও জবাবদিহি নেই। শুধু দলীয় ব্যবসায়ীদের পকেট ভারী করার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে চলেছে। সব মিলিয়ে সরকার দমনমূলক আচরণ করছে।
ঢাকায় ফেরার আগে আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। ডিজেলের দাম ছিল ৬৫ টাকা, সেটি বাড়িয়ে করা হয়েছে ৮০ টাকা। কেরোসিনের দাম ছিল ৭০ টাকা, সেটি করা হয়েছে ৮৫ টাকা। এলপি গ্যাসের দাম ছিল ৪৮ টাকা ৯০ পয়সা, সেটিকে করা হয়েছে ৫৯ টাকা ৯০ পয়সা। গতকাল বুধবার রাতে এই দাম বাড়ানো হয়েছে।

Comments
Post a Comment